সংখ্যালঘুদের উদ্দেশে প্রাণিসম্পদমন্ত্রী, নিজেদের বাংলাদেশের নাগরিক ভাবুন
সাম্প্রদায়িক, স্বাধীনতাবিরোধী, উগ্র কোনো পক্ষ যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, 'আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, নিজেদের বাংলাদেশের নাগরিক ভাবুন। কে কোথায় কী তির্যক মন্তব্য করল, এটা ধরে রাখলে সামনে এগুনো যাবে না। দেশের নাগরিক হিসেবে আপনাদের দৃঢ়চেতা মানসিকতা রাখতে হবে। সংকটের মধ্যেও মুক্তিযুদ্ধের চেতনার জন্য কাজ করতে হবে। ভয় শূন্য চিত্ত নিয়ে এগিয়ে যেতে হবে।'
আজ শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনো সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে আপোস করেন না। তার নেতৃত্বে আমাদের সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এ বাঙালি সত্ত্বার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা লড়াই করেছিলাম। আবার যেন সাম্প্রদায়িক, স্বাধীনতাবিরোধী, উগ্র কোনো পক্ষ রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে, সম্প্রীতির এ দেশকে আবার যেন কেউ সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।'
তিনি বলেন, 'আমাদের ভ্রাতৃপ্রতিম মানসিকতায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের ঊর্ধ্বে একটি পরিচিতি আছে সেটা হলো আমরা বাঙালি, আমরা মানুষ। এ দেশের মানুষের সম্প্রীতির অনুভূতি পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। তবে কিছু মানুষরূপী অমানুষ এ দেশে রয়েছে, যাদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের লড়াই। মনে রাখতে হবে কদর্য লোকদের মৌলিক চরিত্রের প্রকাশ ধর্মের ওপর নির্ভর করে না। বঙ্গবন্ধু কন্যা বারবার বলেন, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের দেশ।'
'বাংলাদেশ ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ। আমাদের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি হচ্ছে যার যার ধর্ম তারা পালন করবে। ১৯৭৫-এর ১৫ আগস্টের পর আবার সাম্প্রদায়িক রাজাকাররা স্বনামে-বেনামে নানাভাবে এ দেশ শাসন করেছে। কিন্তু এ সুযোগ তারা আর পাবে না। সম্মিলিতভাবে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে যার জন্য রাম-রহিমের রক্তে একাত্ম হয়ে আমরা স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছি। বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। শেখ হাসিনা সব ধর্মের মানুষের সাথে আছেন।'