সরকার মনুষ্যত্বহীনতার পরিচয় দিচ্ছে: খালেদা জিয়াকে দেখে এসে মান্না

স্টার অনলাইন রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

আজ বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এ আহ্বান জানান।

এসময় মান্না বলেন, 'করোনা পরিস্থিতিতে সিসিইউতে থাকা এরকম একজন রোগীকে দেখতে যাওয়া দুরূহ। তবে ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে আমি কথা বলে যা বুঝেছি, বেগম খালেদা জিয়ার যেরকম চিকিৎসা দরকার, এখানে সেরকম সুযোগ নেই। তবে ডাক্তাররা সার্বক্ষণিক চেষ্টা করছেন।'

তিনি বলেন, 'বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সরকার যেটা করছে তা পুরোপুরি অমানবিক, জঘন্য কাজ। রাজনীতি, ক্ষমতা, বিদ্বেষ, যত ধরনের খারাপ কাজ আছে, সব মিলিয়ে সরকার মনুষ্যত্বহীনতার পরিচয় দিচ্ছে।'

'যেকোনো ডাক্তার ছাড়াও একজন সাধারণ নাগরিকও মনে করবেন না যে, এরকম জটিল রোগী এভাবে সঠিক চিকিৎসার সুযোগ না পান', যোগ করেন তিনি।

মান্না বলেন, 'সরকার ওবায়দুল কাদেরের জন্য বিদেশ থেকে ডাক্তার এনে বিমানে করে বিদেশে পাঠালেন। রাষ্ট্রপতি গেলেন। প্রধানমন্ত্রীও চিকিৎসা করালেন। তখন দেশে সুচিকিৎসা ছিল না? উনারা যেতে পারেন আর বেগম জিয়ার জন্য এত বাধা?'

'আমি আপনাদের মাধ্যমে সবার কাছে আহ্বান জানাব, অপরাপর সব রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দেরা এমনভাবে চাপ তৈরি করুন, যেন সরকার বাধ্য হয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে', বলেন তিনি।