২০২০ সালে আয়ের চেয়ে ৫২ লাখ টাকা বেশি ব্যয় করেছে বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২০ সালে আয়ের চেয়ে ৫২ লাখ টাকা বেশি ব্যয় করেছে। নির্বাচন কমিশনে (ইসি) দলটির জমা দেওয়া বার্ষিক আর্থিক বিবরণী থেকে এই তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকারের কাছে আর্থিক প্রতিবেদনটি হস্তান্তর করেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বিএনপি এক কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৪৯ আয় করে এবং ব্যয় করে এক কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫১৩ টাকা।
ইসি কর্মকর্তারা জানান, বিএনপি তাদের প্রতিবেদনে দলের আয়ের প্রধান উৎস হিসেবে দেখিয়েছে সদস্যদের চাঁদা, দান ও মনোনয়নপত্র বিক্রিকে।
আর ব্যয়ের প্রধান খাত হিসেবে দেখানো হয়েছে, দলের কার্যালয়ের কর্মচারীদের বেতন ও উৎসব ভাতা, রাজনৈতিক কর্মসূচি, পোস্টার প্রিন্টিং, ত্রাণ সামগ্রী বিতরণ ও নির্যাতিত দলীয় নেতাকর্মীদের আর্থিক সহায়তাকে।
আইন অনুসারে, প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী বছরের আর্থিক বিবরণী জমা দিতে বলা হয়। তবে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে সময় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করে ইসি।