‘শান্তির পক্ষে অবস্থান নিয়েছি’ ইউক্রেন ইস্যুতে ভোটদানে বিরত থাকা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের ভোটদানে বিরত থাকাকে 'শান্তির পক্ষে অবস্থান' বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে গত বুধবারের প্রস্তাবটি যুদ্ধ থামানোর জন্য ছিল না, বরং কাউকে দোষারোপ করার জন্য ছিল। এ কারণে বাংলাদেশ এতে ভোট দেওয়া থেকে বিরত ছিল।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, প্রস্তাবে ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার নিন্দা করার কথা বলা হয়।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন বসে। অধিবেশনে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়। এ সময় ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।
তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনসহ মোট ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আপনি যদি রেজুলেশনটি পড়েন তবে দেখবেন সেখানে যুদ্ধ বন্ধ করার কথা নয়, বরং কাউকে দোষারোপ করার কথা বলা হয়েছিল।'
তিনি বলেন, 'আমরা শান্তির পক্ষে। আমরা শান্তি চাই। আমরা যুদ্ধ চাই না। তাই আমরা বলেছি যে আমরা যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন। আমরা আশা করি জাতিসংঘের সনদ মেনে চলা হবে।'
যে কোনো সমস্যার ক্ষেত্রে বাংলাদেশ সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, 'আমরা বলেছিলাম ইউক্রেনের নাগরিকদের নিরাপদ রাখতে হবে। আমরা বলেছি জাতিসংঘ মহাসচিবের ওপর আমাদের আস্থা আছে এবং তার উচিত আলোচনার উদ্যোগ নেওয়া এবং সমাধান করা। আমরা শান্তির পক্ষে অবস্থান নিয়েছি।'