হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় র‌্যাবের অভিযান

স্টার অনলাইন রিপোর্ট

আওয়ামী লীগ থেকে পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বৃহস্পতিবার রাতে র‌্যাব অভিযানটি শুরু করে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তবে, তাৎক্ষণিকভাবে অভিযানের কারণ জানায়নি র‌্যাব।

র‍্যাব সূত্র জানায়, তাদের একটি দল আজ রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার ও সম্মানহানির অভিযোগে তার বাসায় অভিযান চালানো হচ্ছে। বাকি বিস্তারিত অভিযানের পর জানা যাবে।

উল্লেখ্য, আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ছিলেন হেলেনা জাহাঙ্গীর। তবে, গত রোববার উপকমিটির দেওয়া এক বিজ্ঞপ্তিতে সেই পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়।