ইউক্রেন থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে চীন

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার আগ্রাসনের মধ্যে অবশেষে ইউক্রেন থেকে নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে চীন।

আজ মঙ্গলবার বিবিসি জানায়, গতকাল চীনা নাগরিকদের প্রথম দলটি ইউক্রেন ত্যাগ করে বলে জানিয়েছে চীনা দূতাবাস কর্তৃপক্ষ।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এরা চীনা শিক্ষার্থী, যারা কিয়েভ থেকে মলদোভায় যাচ্ছে।

চীন এখন কেন ইউক্রেন থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে, এর বেশ কিছু অর্থ হতে পারে বলে জানিয়েছে বিবিসি।

একটি সম্ভাবনা এমন যে, বেইজিং প্রাথমিকভাবে মনে করেছিল, রাশিয়াকে অকালে নাখোশ না করা গুরুত্বপূর্ণ। আরেকটি হতে পারে, চীন হয়তো ভেবেছিল রুশরা খুব দ্রুত ইউক্রেন দখল করে নেবে, যে কারণে নিজেদের নাগরিকদের আর সরিয়ে নেওয়ার প্রয়োজন হবে না।

আরও একটি উদ্বেগজনক সম্ভাবনা হলো, রাশিয়ার আক্রমণ আরও তীব্র হতে পারে বলে হয়তো ভাবছে চীন।