কিয়েভ থেকে পশ্চিমে লভিভে দূতাবাস সরিয়ে নিচ্ছে ফ্রান্স

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে ফ্রান্সের দূতাবাস রাজধানী কিয়েভ থেকে পশ্চিমের শহর লভিভে সরিয়ে নেওয়া হচ্ছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভ লু দ্রিয়া সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

কিয়েভ ঝুঁকি ও হুমকির মুখে থাকায় দূতাবাস স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে সিএনএন।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা প্রেসিডেন্টের অনুরোধে আমাদের দূতাবাস স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছি। কিয়েভে ঝুঁকি ও হুমকির কারণে দূতাবাসটি পশ্চিম দিকে লভিভে স্থানান্তরিত করা হচ্ছে।'

'আমাদের নাগরিক ও ইউক্রেন সরকারকে সহযোগিতা করতে রাষ্ট্রদূত ইউক্রেনে অবস্থান করবেন,' যোগ করেন তিনি।

তিনি বলেন, 'হুমকি স্থানান্তর করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ।'

এর আগে সোমবার বিকেলে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশের বিষয়ে লু দ্রিয়া বলেন, 'এটি একটি অযৌক্তিক অকেজো হুমকি।'

'২৪ ফেব্রুয়ারিতে হামলার প্রথম দিনই তিনি এ হুমকি দিয়েছিলেন। এই হুমকির কোনো মানে নেই। এই হুমকি ২০২২ সালের শুরুতে রাশিয়ার দেওয়া প্রতিশ্রুতির বিরুদ্ধে যায়,' বলেন তিনি।