‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগে জাতিসংঘের ১২ রুশ কর্মীকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র
'গুপ্তচরবৃত্তি'র অভিযোগে জাতিসংঘের ১২ রুশ কর্মীকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।
আজ মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন মতে, জাতিসংঘে মার্কিন মিশনের মুখপাত্র অলিভিয়া ড্যালটন বলেছেন যাদেরকে চলে যেতে বলা হয়েছে তারা 'যুক্তরাষ্ট্রে থাকার সুযোগের অপব্যবহার করেছেন। তারা গোয়েন্দা কাজে নিয়োজিত হয়েছেন যা আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী'।
'গত কয়েক মাস ধরে এর প্রক্রিয়া চলছিল' উল্লেখ করে তিনি আরও বলেন, 'আমরা এই বহিষ্কারের সিদ্ধান্ত জাতিসংঘ সদরদপ্তরের চুক্তি অনুযায়ী নিয়েছি।'
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত রিচার্ড মিলস নিরাপত্তা কাউন্সিলে ইউক্রেনের মানবিক পরিস্থিতি সংক্রান্ত বৈঠকে বলেছেন, বহিষ্কৃতরা 'অকূটনৈতিক কাজ' নিয়োজিত ছিলেন।
যুক্তরাষ্ট্রর এই দাবি 'পুরোপুরি প্রত্যাখ্যান করে' ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ ফেসবুকে বলেছেন, 'এটি আমাদের দেশের বিরুদ্ধে শত্রুতামূলক আচরণ।'
জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া সংবাদমাধ্যমকে বলেছেন, এই সিদ্ধান্ত 'খুবই অপ্রচলিতভাবে' নেওয়া হয়েছে।
রুশ সূত্র এএফপিকে জানিয়েছে, বহিষ্কৃতদের তালিকায় রাষ্ট্রদূত বা ২ উপরাষ্ট্রদূতের নাম নেই।
জাতিসংঘে রাশিয়ার মিশনে প্রায় ১০০ কর্মী রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।