বসফরাস ও দারদানেলেস প্রণালী দিয়ে যুদ্ধজাহাজ চলতে দেবে না তুরস্ক
বসফরাস ও দারদানেলেস প্রণালী দিয়ে কোনো যুদ্ধজাহাজ অতিক্রম না করার জন্য কৃষ্ণ সাগর তীরবর্তী ও এর বাইরের দেশগুলোকে সতর্ক করেছে তুরস্ক।
গতকাল সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এ কথা বলেন।
১৯৩৬ সালের মন্ট্রেক্স কনভেনশন তুরস্ককে যুদ্ধকালীন সময়ে তার প্রণালীগুলোতে নৌপরিবহন সীমিত করার অনুমতি দেয়, তবে জাহাজগুলোকে তাদের নিবন্ধিত ঘাঁটিতে ফিরে যেতে ছাড় দেওয়ার একটি ধারা রয়েছে।
রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু জানায়, পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, 'মন্ট্রেক্স কনভেনশনে যা বলা হয়েছে আমরা তা বাস্তবায়ন করছি এবং এখন থেকে আমরা তা করব। আজ পর্যন্ত এই দুই প্রণালী দিয়ে কোনো যুদ্ধজাহাজ অতিক্রমের অনুরোধ পাইনি।'
রয়টার্স জানায়, অন্তত ৪টি রুশ জাহাজ বর্তমানে ভূমধ্যসাগর থেকে অতিক্রমের জন্য তুরস্কের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।