রাশিয়ার ভ্যাকুয়াম বোমা ব্যবহারের বিষয়ে নিশ্চিত না যুক্তরাষ্ট্র

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়া ইউক্রেনে ক্লাস্টার ও ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ও মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ।

গতকাল বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা গণমাধ্যমকে বলেছেন, 'আজ তারা ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে।'

প্রতিবেদনে বলা হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলে আশ্রয়কেন্দ্রে বেসামরিক লোকদের ওপর হামলার অভিযোগ করেছে রাশিয়ার বিরুদ্ধে।

তবে ইউক্রেনে ভ্যাকুয়াম বোমা ব্যবহারের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিএনএন জানিয়েছে, তাদের একটি দল গত শনিবার সন্ধ্যায় ভ্যাকুয়াম বোমা বা থারমোবারিক অস্ত্র ছোড়ার স্থান দেখতে পেরেছে।

হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এমন সংবাদ শুনেছেন তবে তা নিশ্চিত করতে পারেননি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'যদি এটি সত্য হয়, তাহলে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।'

এ বিষয়ে ওয়াশিংটনে রুশ দূতাবাস কোনো মন্তব্য করেনি।