রাশিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের সম্পদ বিক্রিতে নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর রাশিয়ায় বিদেশিদের সম্পদ বিক্রিতে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।
রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন আজ মঙ্গলবার এ ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রাজনৈতিক চাপে বিদেশিরা যেন সম্পদ বিক্রির সিদ্ধান্ত না নেন, এ কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রুশ সরকারের এক বৈঠকে মিখাইল মিশুস্তিন বলেন, এখন রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলছে। এ অবস্থায় রাজনৈতিক চাপে বিদেশি বিনিয়োগকারীদের অনেক সিদ্ধান্ত নিতে হতে পারে।
'ব্যবসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেচনার সুযোগ দেওয়ার লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারীদের সম্পদ বিক্রি বন্ধে একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে,' বলেন তিনি।
তবে এ বিষয়ে আর বিস্তারিত জানাননি তিনি।
এর আগে রাশিয়ায় বিনিয়োগ করা শেয়ার ও স্টক বিক্রি করতে চাওয়া বিদেশিদের সব আবেদন স্থগিতের জন্য ব্রোকারদের গতকাল নির্দেশ দেয় রুশ কেন্দ্রীয় ব্যাংক।
ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে কয়েক ধাপে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
রুশ কেন্দ্রীয় ব্যাংককে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করার ক্ষমতার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সবশেষ সুইফট ব্যাংকিং ব্যবস্থা থেকে রাশিয়াকে ব্লক করেছে যুক্তরাষ্ট্র ও ইইউ।
সোমবার রাশিয়ান মুদ্রা রুবলের দাম রেকর্ড কমে যায়।
রুশ প্রধানমন্ত্রী বলেন, 'আমরা আশা করি যারা আমাদের দেশে বিনিয়োগ করেছে, তারা এখানে আরও ব্যবসা করতে পারবে। বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার জন্য আমাদের দরজা খোলা আছে।'