রুশ ২ উড়োজাহাজকে কানাডার আকাশসীমা থেকে সরে যাওয়ার নির্দেশ

স্টার অনলাইন ডেস্ক

কানাডা গতকাল তাদের আকাশসীমা থেকে ২টি রুশ উড়োজাহাজকে সরে যেতে বলেছে। যদিও উড়োজাহাজগুলো 'মানবতামূলক' ফ্লাইট হিসেবে নিজেদের চিহ্নিত করেছিল।

রুশ উড়োজাহাজের ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের কারণে কানাডার এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ নির্দেশ দেয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিনা উস্কানিতে ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত কঠোর নিষেধাজ্ঞার অংশ হিসেবে কানাডা গত রোববার তাদের আকাশসীমায় রুশ উড়োজাহাজ প্রবেশের ওপর বিধিনিষেধ চালু করে।

একই দিন রাশিয়ান উড়োজাহাজ সংস্থা অ্যারোফ্লটের এএফএল১১১ ফ্লাইটটি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে। স্বাভাবিক পরিস্থিতিতে মানবতামূলক ফ্লাইট হিসেবে চিহ্নিত কোনো উড়োজাহাজকে কানাডার আকাশসীমায় প্রবেশে বাধা দেওয়ার এখতিয়ার এ সংস্থার নেই।

অপর ফ্লাইটটি একটি মার্কিন বিমানবন্দর থেকে ছেড়ে গিয়েছিল।

ন্যাভ কানাডা ও নিয়ন্ত্রক সংস্থা ট্রান্সপোর্ট কানাডা সব এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ দলকে এ বিষয়ে বিশেষ নির্দেশ দিয়েছে। কোনো রুশ উড়োজাহাজকে আকাশসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। শুধু পূর্বানুমতি সাপেক্ষে উড়োজাহাজগুলো কানাডায় প্রবেশ করতে পারবে।