অবশেষে পাবনা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ চালু
অবশেষে পাবনা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ চালু হয়েছে। আজ শনিবার পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স আনুষ্ঠানিকভাবে হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের উদ্বোধন করেন। এর ফলে হাসপাতালে দীর্ঘদিন অব্যবহৃত থাকা আইসিইউ ইউনিট চালু করা যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে, শুক্রবার রাতে হাসপাতালের নবনির্মিত সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের জন্য তরল অক্সিজেন পাত্রে অক্সিজেন পূর্ণ করে সরবরাহকারী প্রতিষ্ঠান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মাসের প্রথম সপ্তাহে পাবনা জেনারেল হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের সব কাজ শেষ হলেও তরল অক্সিজেন সরবরাহ না থাকায়, এ কার্যক্রম চালু করা যাচ্ছিল না।
এ বিষয়ে দ্য ডেইলি স্টারও একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে।
জানতে চাইলে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর দ্য ডেইলি স্টারকে বলেন, 'অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান শুক্রবার রাতে হাসপাতালের কেন্দ্রীয় অক্সিজেন পাত্রে তরল অক্সিজেন লোড করে। এরপর হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ চালু করা হয়।'
'সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ চালু হওয়ায় হাসপাতালে করোনা চিকিৎসায় আরও গতির সঞ্চার হবে। সংকটাপন্ন রোগীদেরও এখন চিকিৎসা দেওয়া যাবে। এছাড়া, হাসপাতালে অব্যবহৃত আইসিইউ ইউনিট চালু করা যাবে, যোগ করেন তিনি।
সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ উদ্বোধনের পর সংসদ সদস্য গোলাম ফারুক বলেন, 'করোনা মহামারির এই কঠিন পরিস্থিতিতে সক্ষমতা থাকার পরও, সেন্ট্রাল অক্সিজেন না থাকায় অনেক সংকটাপন্ন রোগীকে অন্যত্র পাঠানো হতো। সেন্ট্রাল অক্সিজেন চালুর পর এখন রোগীরা এখান থেকেই সেবা পাবে।'
এটি জেলার স্বাস্থ্য সেবায় বিরাট ভূমিকা রাখবে বলে জানান তিনি।