আগামী মাস থেকে ‘উদ্বৃত্ত’ টিকা রপ্তানি করবে ভারত

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি

ভারত আগামী মাস থেকে দেশটিতে উৎপাদিত করোনা টিকার 'উদ্বৃত্ত' অংশ দিয়ে পুনরায় টিকা রপ্তানি শুরু করবে। 'ভ্যাকসিন মৈত্রী' কর্মসূচির অধীনে এসব টিকা রপ্তানি করা হবে বলে আজ সোমবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া নয়াদিল্লিতে গণমাধ্যমকে জানান।

চলতি বছরের মার্চ মাসে মহামারির দ্বিতীয় ঢেউয়ের পরিপ্রেক্ষিতে টিকা রপ্তানি বন্ধ করার আগ পর্যন্ত ভারত এ কর্মসূচির অধীনেই টিকা সরবরাহ করছিল।

স্বাস্থ্যমন্ত্রী মান্দাভিয়া বলেন, 'ভারত সরকার অক্টোবরে ৩০ কোটি ডোজ এবং পরের ৩ মাসে ১০০ কোটিরও বেশি ডোজ ভ্যাকসিন পাবে।'

ভারতের নাগরিকদের টিকা দেওয়া সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য ভারতের প্রতিশ্রুতি পূরণের জন্য বছরের পরের কোয়ার্টারে (অক্টোবর-ডিসেম্বর) কোভ্যাক্সের আওতায় 'ভ্যাকসিন মৈত্রী' কর্মসূচির অধীনে উদ্বৃত্ত টিকা রপ্তানি শুরু হবে।

তিনি আরও বলেন, '১৬ জানুয়ারি শুরু হওয়া ভারতের টিকাদান কর্মসূচি বিশ্বের জন্য একটি রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।'