উপহারের ৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা হস্তান্তর করল মালয়েশিয়া

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশকে উপহার হিসেবে ৫ লাখ ৫৯ হাজার ২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়েছে মালেশিয়া।

আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে বাংলাদেশে নিযুক্ত মালেশিয়ার রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম এ টিকা হস্তান্তর করেন।

এ সময় পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মালয়েশিয়ান হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে ভ্যাকসিন ও চিকিৎসা সরঞ্জাম উপহারকে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ, উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন মালয়েশিয়ার হাইকমিশনার হাশিম।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন এই মহামরির সময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সরকারের গণ টিকাদান কর্মসূচির কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যে ১০ কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে, যার মধ্যে ৬ কোটি ৭০ লাখেরও বেশি এক ডোজ পেয়েছে এবং ৩ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন।

বাংলাদেশ অদূর ভবিষ্যতে ভ্যাকসিন উৎপাদনেও উদ্যোগী হবে বলে আশা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন কোভিড-১৯ মহামারির সবচেয়ে কঠিন পর্যায়ে বাংলাদেশি প্রবাসী কর্মীদের মালয়েশিয়ায় কাজ করার এবং থাকার অনুমতি দেওয়ার জন্য মালয়েশিয়া সরকারকেও ধন্যবাদ জানান।