একদিনে আরও ৪ মৃত্যু, শনাক্ত ১.১৪ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৯২২ জনের মৃত্যু হলো।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৫১৭টি নমুনা পরীক্ষায় ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭২ হাজার ৫০১ জনের করোনা শনাক্ত হলো।
আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ১ জন পুরুষ ও ৩ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ১ জন। এছাড়া, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।
গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ১১ শতাংশ।
গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।