একদিনে আরও ৬ মৃত্যু, শনাক্ত ১.২৮ শতাংশ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৯০১ জনের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৬ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করে ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জনের করোনা শনাক্ত হলো।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৪ জন এবং খুলনা বিভাগে ২ জন। সিলেট, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।
গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ১৭ শতাংশ।
গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।