এ মাসের মধ্যে ১ কোটি ডোজ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী
এই মাসের মধ্যেই এক কোটি ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে দেশের করোনা ও ডেঙ্গু সংক্রমণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, 'এক সপ্তাহের মধ্যে ৫৪ লাখ ভ্যাকসিন আসবে, এই মাসের মধ্যে এক কোটি ভ্যাকসিন আসবে। ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান থাকবে।'
তিনি বলেন, 'পৌনে দুই কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। কোটি কোটি লোক নিবন্ধন করেছে। আমরা সবাইকে একবারে টিকা দিতে পারব না। পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে টিকা দেওয়া হবে।'
জাহিদ মালেক বলেন, 'করোনা নিয়ন্ত্রণ না করতে পারলে সামনে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, কর্মহীন লোকের সংখ্যা বেড়ে যাবে। এ কারণে আমাদের করোনা নিয়ন্ত্রণ করা খুব জরুরি। আমরা মাঝে মাঝে অনেক সমালোচনার মুখে পড়ি। সমালোচকরা অসুস্থ হলে কোথায় চিকিৎসা নিতে আসেন? যে ডাক্তার ও চিকিৎসা দেয় তাদেরকেই আপনারা সমালোচনা করেন।'
তিনি বলেন, 'সংক্রমণ কিছুটা কমে এসেছে। মৃত্যু একটু বেশি আছে। এই সংক্রমণ আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। এজন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাস-ট্রেন গণপরিবহণে গাদাগাদি করে চললে হবে না।'
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ প্রমুখ।