বরিশাল

করোনায় অবসরপ্রাপ্ত চিকিৎসক সিরাজুল ইসলামের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অবসরপ্রাপ্ত চিকিৎসক সিরাজুল ইসলাম মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্র জানায়, গত ২৬ জুলাই সিরাজুল ইসলামের করোনা শনাক্ত হলে, পরদিন দুপুরে তাকে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

করোনা মহামারির মধ্যেও তিনি ঝুঁকি নিয়ে প্রতিদিনই অন্তত ৫০-৬০ জন করে রোগী দেখেছেন বলে জানিয়েছে তার পরিবার।

সিরাজুল ইসলামের মামাতো ভাই বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এস এম জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, আজ শুক্রবার বাদ জুমা নগরীর গোরস্থান রোড আঞ্জুমান-ই-হেমায়েত-ই-ইসলামের সামনে সিরাজুল ইসলামের নামাজে জানাজার পর মুসলিম গোরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।