করোনা টিকা পরিবহনে বাংলাদেশকে ১৮টি ফ্রিজার ট্রাক উপহার যুক্তরাষ্ট্রের
দেশে করোনা টিকা নিরাপদে ও সহজে পরিবহনের জন্য কোল্ড-চেইন ব্যবস্থাসহ ১৮টি বিশেষায়িত ট্রাক উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র।
সোমবার বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অফ মিশন উইলিয়াম ডাওয়ারস স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ফ্রিজার ট্রাক হস্তান্তর করেন।
যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮টি ট্রাকের মধ্যে স্থানীয়ভাবে ৪টি ট্রাক ক্রয় করা হয়েছে এবং আরো ১৪টি ট্রাক আগামী মাসগুলোতে ঢাকায় এসে পৌঁছাবে।
এই কাজে সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট (আইএফআরসি) ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
সংস্থাগুলো যানবাহন সংগ্রহ ও তত্ত্বাবধানের পাশাপাশি সারাদেশে করোনা টিকা কার্যক্রম পরিচালনা করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সহায়তা করবে।