করোনা পরবর্তী জটিলতায় চমেকের সহকারী অধ্যাপক ডা. সন্দীপন দাশের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

করোনা পরবর্তী জটিলতা ও প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সন্দীপন দাশ (৫৩) মারা গেছেন।

আজ সোমবার সন্ধ্যায় তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার জানান, ডা. সন্দীপন চমেকের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

তিনি বলেন, 'সন্দীপন গত বছরের জুলাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে, সুস্থ হলেও তিনি করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন।'

জনস্বাস্থ্য অধিকার সংরক্ষণ কমিটি, চট্টগ্রামের সদস্য সচিব ডা. সুশান্ত বড়ুয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডা. সন্দীপনের মতো একজন রোগীবান্ধব কার্ডিওলজিস্টের মৃত্যুতে চট্টগ্রামের চিকিৎসা অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। তিনি অনেক গরিব রোগীকে বিনা ফি তে চিকিৎসা করতেন। তিনি ছিলেন একজন মানবিক চিকিৎসক।'