কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১২ শনাক্ত ২২.৮৪ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ করোনায় আক্রান্ত এবং একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ৪৯৯টি নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৮৪ শতাংশ।

আজ রোববার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন ডেইলি স্টারকে বলেন, 'গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ১৩৩ জন।'

তিনি বলেন, 'করোনায় ও উপসর্গ নিয়ে মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।'

'বর্তমানে হাসপাতালে ২৫৭ জন ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৭৮১ জন,' যোগ করেন তিনি।

এর আগের ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আট জন ও একজন উপসর্গ নিয়ে মারা যান। একই সময়ে ২১৯টি নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ২৪ শতাংশ।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮০৮ জন এবং মারা গেছেন ৬১৮ জন।