কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ২.৭১ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় ও অপরজন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ২২১টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৭১ শতাংশ।
আজ বৃহস্পতিবার কুষ্টিয়া সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'গতকাল বুধবার বার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৮৪ জন।'
তিনি আরও বলেন, 'করোনা নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।'
তিনি জানান, বর্তমানে হাসপাতালে ৪৮ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ২২ জন করোনা আক্রান্ত ও ২৬ জনের উপসর্গ রয়েছে। জেলায় হোম আইসোলেশনে আছেন ২০০ জন।
এর আগের ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনায় ৩ জন ও উপসর্গে ১ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ১৭৮টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬১ শতাংশ।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৭৫ জন এবং মারা গেছেন ৭৬২ জন।