কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ শনাক্ত ২২.৯৩ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৭৫টি নমুনা পরীক্ষায় ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৯৩ শতাংশ।

আজ শুক্রবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'গতকাল বৃহস্পতিবার  সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।'

'একই সময়ে জেলায় ২০৯ জন সুস্থ হয়েছেন' উল্লেখ করে তিনি আরও বলেন, 'বর্তমানে হাসপাতালে ২১৬ জন ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৭১৮ জন।'

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় সাত জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ১০৮৫টি নমুনা পরীক্ষায় ২৯২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৯১ শতাংশ।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৭৩ জন এবং মারা গেছেন ৬৫৯ জন।