কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ শনাক্ত ৩৪.৬১ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুই জন ও উপসর্গ নিয়ে একজন মারা যান।

একই সময়ে ৫২০টি নমুনা পরীক্ষায় ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৬১ শতাংশ। এ সময়ে জেলায় সুস্থ হয়েছেন ২০৪ জন।

আজ বুধবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন ডেইলি স্টারকে বলেন, 'করোনায় ও উপসর্গ নিয়ে মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।'

তিনি আরও বলেন, 'বর্তমানে হাসপাতালে ২২৫ জন ভর্তি আছেন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৭৯৪ জন।'

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এর আগের ২৪ ঘণ্টায় জেলায় নয় জনের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনায় আট জন ও উপসর্গে একজনের মৃত্যু হয়। একই সময়ে ৫৭২টি নমুনা পরীক্ষায় ১৬৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৯ দশমিক ২ শতাংশ।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৯৫ জন এবং মারা গেছেন ৬৪৮ জন।