কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ৫.৩১ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন ও উপসর্গে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৭৮টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৩১ শতাংশ।
আজ বুধবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ১০ জন। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৪২ জন।'
এর আগের ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৩০৮টি নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৮.৭৬ শতাংশ। একই সময়ে সুস্থ হন ৪৭ জন।
তিনি জানান, বর্তমানে হাসপাতালে ৪৬ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন ২৪২ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৩৯ জন এবং মারা গেছেন ৭৬০ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৩৪ জন