কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ শনাক্ত ১৮.৯০ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৯১টি নমুনা পরীক্ষায় ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৯০ শতাংশ।

আজ বুধবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়েছে। করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।'

'একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ২০১ জন,' যোগ করেন তিনি।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ১৮৮ জন ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৭৩ জন।

এর আগের ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়। তাদের মধ্যে তিন জন করোনায় ও একজন উপসর্গে মারা যান। একই সময়ে ৪৫৭টি নমুনা পরীক্ষায় ৮৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৮ দশমিক ১৬ শতাংশ।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৭৭ জন এবং মারা গেছেন ৬৮৫ জন।