কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫ শনাক্ত ২০.৯৮ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চার জন করোনায় ও একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ২২৪টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৯৮ শতাংশ।
আজ রোববার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ১৭৩ জন।'
'বর্তমানে হাসপাতালে ২০০ জন ভর্তি আছেন' উল্লেখ করে তিনি আরও বলেন, 'জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৪৭৪ জন।'
এর আগের ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়। তাদের মধ্যে আট জন করোনায় ও একজন উপসর্গ নিয়ে মারা যান। একই সময়ে ২৯২টি নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২১ দশমিক ২৩ শতাংশ।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৮২ জন এবং মারা গেছেন ৬৭১ জন।