কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ শনাক্ত ১৮.৫৮ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই জন করোনায় ও চার জন উপসর্গে মারা গেছেন। একই সময়ে ২২৬টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৮ শতাংশ।
আজ রোববার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ১৬৯ জন।'
'মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন' উল্লেখ করে তিনি আরও বলেন, 'বর্তমানে হাসপাতালে ১৪০ জন ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন এক হাজার ৭২৫ জন।'
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় নয় জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পাঁচ জন করোনায় ও চার জন উপসর্গে মারা যান। একই সময়ে ২৬২টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৮ শতাংশ।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২০৭ জন এবং মারা গেছেন ৬৯৮ জন।