কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৯ শনাক্ত ২৯.০৯ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আট জন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। একই সময়ে ৫৭২টি নমুনা পরীক্ষায় ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ২ শতাংশ।
আজ মঙ্গলবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য দিয়েছেন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন ডেইলি স্টারকে বলেন, 'করোনায় ও উপসর্গ নিয়ে মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।'
গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৬ জন সুস্থ হয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, 'বর্তমানে হাসপাতালে ২৩৯ জন ভর্তি আছেন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৮১২ জন।'
এর আগের ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে পাঁচ জন মারা যান। একই সময়ে ৫১১টি নমুনা পরীক্ষায় ১৪১ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৫৯ শতাংশ।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১১৫ জন এবং মারা গেছেন ৬৪০ জন।