কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৯, শনাক্ত ৩৪.২৫ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন একজন।
একই সময়ে ২১৯টি নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ২৫ শতাংশ।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ১৬৪ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ পরিচালক ডা. আব্দুল মোমেন এ তথ্য জানান।
তিনি বলেন, 'করোনায় ও উপসর্গ নিয়ে মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।'
আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ২৬৭ জন রোগী ভর্তি আছেন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৮৪০ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯৪ জন এবং মারা গেছেন ৬০৮ জন।