কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪.০১ শতাংশ, মৃত্যু ১
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩২৯টি নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ০১ শতাংশ।
আজ সোমবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ১৪৭ জন।'
তিনি আরও বলেন, 'মারা যাওয়া ব্যক্তি কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।'
বর্তমানে হাসপাতালে ৮৩ জন ভর্তি আছেন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন এক হাজার ১২৭ জন।
এর আগের ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনায় একজনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ২৯টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৩৭ শতাংশ।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৪৩ জন এবং মারা গেছেন ৭২৪ জন।