কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৮.৬৭ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৫৬টি নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ৬৭ শতাংশ।

আজ শুক্রবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৯৭ জন।'

'মারা যাওয়া করোনা রোগী কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন,' যোগ করেন তিনি।

আশরাফুল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালে ১০২ জন ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন এক হাজার ২৫৪ জন।

এর আগের ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়। একই সময়ে ২৭৯টি নমুনা পরীক্ষায় ৫৪ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৩৫ শতাংশ।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫৫১ জন এবং মারা গেছেন ৭১৯ জন।