খুলনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২২.৪৭ শতাংশ
খুলনায় করোনা চিকিৎসা দেওয়া পাঁচটি হাসপাতালের মধ্যে দুটিতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। করোনা শনাক্তের হার ২২ দশমিক ৪৭ শতাংশ।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, ২০০ শয্যার এ করোনা হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১১৪ জন রোগী ভর্তি ছিলেন। যার মধ্যে আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কেউ মারা যাননি। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ২৯ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে আইসিইউতে পাঁচ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কোনো মৃত্যু হয়নি। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কোনো মৃত্যু হয়নি। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩২ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন।
এ ছাড়া, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪১ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে আইসিইউতে ১০ জন।