খুলনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২ শনাক্ত ৪৩.১০ শতাংশ
খুলনায় করোনা চিকিৎসা দেওয়া পাঁচটি হাসপাতালের মধ্যে দুইটির করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় ২৩২টি নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ১০ শতাংশ।
আজ রোববার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার ডেইলি স্টারকে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারো মৃত্যু হয়নি। এ ছাড়া, ২০০ শয্যার করোনা হাসপাতালটিতে সকাল ৮টা পর্যন্ত ১২৮ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ২০ জন আইসিইউতে রয়েছেন।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান ডেইলি স্টারকে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৮ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে আইসিইউতে চার জন ও এইচডিইউতে পাঁচ জন রয়েছেন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ ডেইলি স্টারকে জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কারো মৃত্যু হয়নি। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩০ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ ডেইলি স্টারকে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩৫ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন।
এ ছাড়া, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৬৯ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১০ জন আইসিইউতে ও তিন জন এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন।