খুলনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, শনাক্ত ৪৩.৯১ শতাংশ
খুলনায় করোনা চিকিৎসা দেওয়া পাঁচটি হাসপাতালের মধ্যে দুটিতে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
একই সময়ে জেলায় ৩১২টি নমুনা পরীক্ষা করে ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ৯১ শতাংশ।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, 'গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের ২০০ শয্যার মধ্যে আজ সকাল ৮টা পর্যন্ত ১০৮ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।'
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান বলেন, 'গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ২৮ জন রোগী ভর্তি আছেন, এর মধ্যে আইসিইউতে রয়েছেন দুজন।'
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কেউ মারা যাননি। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১২ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কেউ মারা যাননি। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩০ জন রোগী ভর্তি রয়েছেন, এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।
এ ছাড়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৪ জন রোগী ভর্তি রয়েছেন, এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।