খুলনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭ শনাক্ত ২৯.৩৪ শতাংশ
খুলনায় করোনা চিকিৎসা দেওয়া পাঁচটি হাসপাতালের মধ্যে দুইটিতে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় সাত জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় জন মারা গেছেন।'
'এ ছাড়া ২০০ শয্যার এ করোনা হাসপাতালে আজ সকাল ৮টা পর্যন্ত ১০১ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে আইসিইউতে ২০ জন রয়েছেন।'
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কেউ মারা যাননি। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ২২ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে একজন আছেন।'
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কারো মৃত্যু হয়নি। বর্তমানে হাসপাতালে সাত জন ভর্তি আছেন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ ডেইলি স্টারকে বলেছেন, 'গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ২৫ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে ১০ জন রয়েছেন।'
এ ছাড়া, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৩ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে আছেন ১০ জন।