খুলনা বিভাগের একদিনে আরও ৪ মৃত্যু, শনাক্ত ১৪.৮১ শতাংশ
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৫১২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২২৪ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪.৮১ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন ১৪৭ জন।
আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য পরিচালকের দপ্তরে তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দুই জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। বাকি ৮ জেলায় কারো মৃত্যু হয়নি। মৃতদের মধ্যে খুলনার তিন জন এবং চুয়াডাঙ্গার একজন।
বিভাগে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গা জেলায়। তখন থেকে আজ সকাল পর্যন্ত ১০ জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ১২ জন। আর বিভাগের ১০ জেলায় শনাক্ত হয়েছেন মোট ১ লাখ ৯ হাজার ১২৩ জন।
বিভাগের মধ্যে করোনায় সর্বোচ্চ ৭৬১ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭৩১ জনের। এ ছাড়া, যশোরে ৪৬১, ঝিনাইদহে ২৬১, চুয়াডাঙ্গায় ১৮৭, মেহেরপুরে ১৭৮, বাগেরহাটে ১৪০, নড়াইলে ১১৩, সাতক্ষীরায় ৮৮ ও মাগুরায় ৯০ জনের মৃত্যু হয়েছে।