খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১২
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছিল ও ৪২২ জনের করোনা শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ চার জনের মৃত্যু হয় কুষ্টিয়ায়। এ ছাড়া ঝিনাইদহে তিন জন, যশোরে দুই জন এবং খুলনা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
নতুন শনাক্ত ৩৯৬ জনসহ বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত এক লাখ ছয় হাজার ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, কুষ্টিয়ায় ৬২ জন, বাগেরহাটে ৩৩ জন, যশোরে ৭০ জন, সাতক্ষীরায় ২৪, চুয়াডাঙ্গায় ২০ জন, মেহেরপুরে ১৬ জন, মাগুরায় সাত জন, নড়াইলে ২২ জন ও ঝিনাইদহে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে এ পর্যন্ত করোনায় দুই হাজার ৮৯০ জন মারা গেছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৭৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, কুষ্টিয়ায় ৬৯৩ জন, যশোরে ৪৩৮ জন, ঝিনাইদহে ২৫১ জন, চুয়াডাঙ্গায় ১৮৩ জন, মেহেরপুরে ১৭৫ জন, বাগেরহাটে ১৩৮ জন, নড়াইলে ১০৮ জন, সাতক্ষীরায় ৮৭ জন ও মাগুরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।