খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬ 

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জন মারা গেছেন। একই সময়ে বিভাগে ৪২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ২২ জন মারা গেছেন এবং ৪৭১ জনের করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ চার জন করে মৃত্যু হয়েছে খুলনা, যশোর ও কুষ্টিয়ায়। এছাড়া, ঝিনাইদহে দুজন এবং চুয়াডাঙ্গা ও বাগেরহাটে একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ১২৮ জন, কুষ্টিয়ায় ৫৫ জন, বাগেরহাটে ১২ জন, যশোরে ৮৭ জন, সাতক্ষীরায় ২৭ জন, চুয়াডাঙ্গায় ১৮ জন, মেহেরপুরে ১৪ জন, মাগুরায় ১৬ জন, নড়াইলে ২০ জন ও ঝিনাইদহে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত এক লাখ পাঁচ হাজার ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন দুই হাজার ৮৬৭ জন।