খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২৫

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে মোট তিন হাজার ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৭৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৪ দশমিক ৫৬ শতাংশ।

আজ বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ২৫ জনের মৃত্যু হয় এবং ৯১১ জনের করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় আট জন, খুলনা ও ঝিনাইদহে পাঁচ জন করে, যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং মেহেরপুরে একজন মারা গেছেন।

এছাড়া, নতুন করে কুষ্টিয়ায় ১৬৬ জন, খুলনায় ১৪৬ জন, বাগেরহাটে ৩৩ জন, যশোরে ১৩৯ জন, ঝিনাইদহে ৩৭ জন, সাতক্ষীরায় ৪৭ জন, চুয়াডাঙ্গায় ২৩ জন, মেহেরপুরে ৩৮ জন, মাগুরায় ৮০ জন ও নড়াইলে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে করোনায় এ পর্যন্ত মারা গেছেন দুই হাজার ৭০৬ জন। এর মধ্যে খুলনায় সর্বোচ্চ ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, কুষ্টিয়ায় ৬৪৮ জন, যশোরে ৪০৩ জন, ঝিনাইদহে ২৩৩ জন, চুয়াডাঙ্গায় ১৮০ জন, মেহেরপুরে ১৬০ জন, বাগেরহাটে ১৩৩ জন, নড়াইলে ১০০ জন, সাতক্ষীরায় ৮৬ জন ও মাগুরায় ৭৮ জনের মৃত্যু হয়েছে।