খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৯ 

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৪২৮ জনের।

আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ৩৬ জনের মৃত্যু হয় এবং ৭৬১ জনের করোনা শনাক্ত হয়।

আজ স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে দেখা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া ও যশোর জেলায়। এছাড়া, খুলনায় নয় জন, মেহেরপুরে চার জন, চুয়াডাঙ্গায় তিন জন এবং নড়াইল, মাগুরা ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।

যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, খুলনা জেলায় ৯০ জন, বাগেরহাটে ১০ জন, সাতক্ষীরায় ২০ জন, নড়াইলে ১১ জন, মাগুরায় ৩৯ জন, ঝিনাইদহে ২৫ জন, কুষ্টিয়ায় ৭৫ জন, চুয়াডাঙ্গায় ৯ জন ও মেহেরপুরে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।