খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৬১২

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬১২ জনের।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ২৭ জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয়েছিল ৪৮৬ জনের।

আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ পাঁচ জনের মৃত্যু হয়েছে খুলনায়। অন্যান্য জেলার মধ্যে কুষ্টিয়া ও ঝিনাইদহে তিন জন করে, যশোর ও মাগুরায় দুজন করে এবং নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন এক লাখ তিন হাজার ২০০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়ায় ৮৬ জন, খুলনায় ৯৭ জন, বাগেরহাটে ৭৭ জন, যশোরে ৯৯ জন, ঝিনাইদহে ৯১, সাতক্ষীরায় ৪৬, চুয়াডাঙ্গায় ২১, মেহেরপুরে ১৭ জন, মাগুরায় ৪৯ জন এবং নড়াইলে ৪১ জন আছেন।

বিভাগে আজ সকাল পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৭৫৩ জন।

বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৬৯৮ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬৬২ জনের। এ ছাড়া, যশোরে ৪১৮ জন, ঝিনাইদহে ২৪০ জন, চুয়াডাঙ্গায় ২০০ জন, মেহেরপুরে ১৬৬ জন, বাগেরহাটে ১৩৪ জন, নড়াইলে ১৮ জন, সাতক্ষীরায় ৮৬ জন ও মাগুরায় ৮১ জন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট সুস্থ হয়েছেন ৮৩ হাজার ৬০৯ জন।