খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ৩২২
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩২২ জনের।
গতকাল সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে এ মৃত্যু ও শনাক্তের ঘটনা ঘটে।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ১৭ জনের মৃত্যু হয় এবং ৬১২ জনের করোনা শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ নয় জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। খুলনায় সাত জন, যশোর ও মেহেরপুরে দুজন করে এবং নড়াইলে একজন মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর এ তথ্য জানায়।
গত বছরের ১৯ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন এক লাখ তিন হাজার ৫২২ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছেন খুলনায় ১২৫ জন, সর্বনিম্ন চুয়াডাঙ্গায় একজন। এ ছাড়া, ঝিনাইদহ জেলায় কেউ শনাক্ত হননি।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়ায় ৬২ জন, বাগেরহাটে সাত জন, যশোরে ৬৭ জন, সাতক্ষীরায় ১৫, মেহেরপুরে ১১ জন, মাগুরায় ২৭ জন ও নড়াইলে সাত জন আছেন।
গত বছরের ১৯ মার্চ থেকে বিভাগে আজ সকাল পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৭৯১ জন।
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭০৫ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬৭১ জনের। এ ছাড়া, যশোরে ৪২০ জন, ঝিনাইদহে ২৪০ জন, চুয়াডাঙ্গায় ১৮০ জন, মেহেরপুরে ১৬৮ জন, বাগেরহাটে ১৩৪ জন, নড়াইলে ১০৬ জন, সাতক্ষীরায় ৮৬ জন ও মাগুরায় ৮১ জন মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৪৩৯ জন।