খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ৯, শনাক্তের হার ২৭.৮৩ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮১২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২২৬ জনের।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭.৮৩ শতাংশ।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে এই শনাক্ত ও মৃত্যু হয়েছে।

আজ রোববার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর এ তথ্য জানায়।

এই সময়ের মধ্যে সর্বোচ্চ তিন জন করে মৃত্যু হয়েছে খুলনা ও যশোরে। অন্য জেলাগুলোর মধ্যে বাগেরহাট, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় মারা গেছেন একজন করে।

গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ আট হাজার ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে খুলনায়। এ ছাড়াও, বাগেরহাটে ১৯, সাতক্ষীরায় ১২, যশোরে ৩৩, নড়াইলে ২০, মাগুরায় ১১, ঝিনাইদহে ২৪, কুষ্টিয়া ১২, চুয়াডাঙ্গায় ১৮ ও মেহেরপুরে আট জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন দুই হাজার ৯৮৯ জন এবং সুস্থ হয়েছেন ৯৬ হাজার ৫১১ জন।