গণটিকা কার্যক্রম আর হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে আর গণটিকা কার্যক্রম হবে না। যখন যে পরিমাণ টিকা পাওয়া যাবে তা রেজিস্ট্রেশনের মাধ্যমে সবাইকে নিতে হবে।

আজ সোমবার সচিবালয়ে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, টিকার জন্য কেন্দ্রে আর রেজিস্ট্রেশন করা যাবে না।

তিনি বলেন, 'রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা পাবে না। সাড়ে তিন কোটিরও বেশি মানুষ নিবন্ধন করেছেন এবং দুই কোটিরও বেশি মানুষ টিকা পেয়েছেন। যে পরিমাণ টিকা পাওয়া যাবে তার ওপর ভিত্তি করে রেজিস্ট্রেশন করা হবে।'

এর আগে গত ১৫ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভিড-১৯ টিকার স্বল্পতার কারণে সরকার সারাদেশে গণটিকা কার্যক্রম চালাতে পারছে না।

সেদিন মন্ত্রী বলেন, 'বিশেষ গণটিকাদান কার্যক্রমে আমরা একদিনে ৩৪ লাখ মানুষকে টিকা দিয়েছি। পর্যাপ্ত টিকা পাওয়ার পর আবারও এ ধরনের কর্মসূচি পরিচালনা করবো।'