চট্টগ্রামে আজ মৃত্যু ১০, শনাক্ত ১৪.৮২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে দুই হাজার ১৪৫টি নমুনা পরীক্ষা করে ৩১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০২ জনের বাড়ি মহানগর এলাকায় ও ১১৬ জন ভিন্ন উপজেলার বাসিন্দা।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮২ শতাংশ। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে ছয় জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়ার আট জন, বাঁশখালী উপজেলার তিন জন, আনোয়ারার তিন জন, পটিয়ার সাত জন, বোয়ালখালীর পাঁচ জন, রাঙ্গুনিয়ার দুই জন, রাউজানের ৩৪, ফটিকছড়ির সাত জন, হাটহাজারীর ২৩ জন ও ১১ জন সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৭ হাজার ৬৭০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৭১ হাজার ৩২৫ জন ও ২৬ হাজার ৩৪৫ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। মহানগর এলাকার ৬৭৫ ও উপজেলা পর্যায়ের ৫১৮ জনসহ মোট এক হাজার ১৯৩ জন মারা গেছেন।