চট্টগ্রামে আজ মৃত্যু ৫, শনাক্ত ১২.১২ শতাংশ
চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জন মারা গেছেন। একই সময়ে ১১টি ল্যাবে এক হাজার ১৫৫টি নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৯ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৫১ জন ভিন্ন উপজেলার বাসিন্দা।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে ১০ জনের বাড়ি লোহাগাড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার ছয় জন, বাঁশখালী উপজেলার একজন, চন্দনাইশ উপজেলার চার জন, রাউজানের ১৫, ফটিকছড়ির ১০ জন, হাটহাজারীর একজন, চার জন সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ হাজার ৬২৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৭২ হাজার ৪২৩ জন ও ২৭ হাজার ২০৩ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। মহানগর এলাকার ৬৯২ ও উপজেলা পর্যায়ের ৫৪৫ জনসহ মোট এক হাজার ২৩৭ জন মারা গেছেন।