চট্টগ্রামে আজ মৃত্যু ৬, শনাক্ত ১৬.০৭ শতাংশ
চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয় জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে এক হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা করে ২৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২১ জনের বাড়ি মহানগর এলাকায় ও ১৪৮ জন ভিন্ন উপজেলার বাসিন্দা।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৭ শতাংশ। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে ১০ জনের বাড়ি লোহাগাড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার ১৭ জন, বাঁশখালী উপজেলার ১৪ জন, আনোয়ারার ১১ জন, চন্দনাইশ উপজেলার সাত জন, পটিয়ার চার জন, বোয়ালখালীর নয় জন, রাউজানের ২৭, ফটিকছড়ির ১৪ জন, হাটহাজারীর ৩০ জন, সীতাকুণ্ডের চার জন ও একজন সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ হাজার ৫৩৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৭১ হাজার ৭৫৫ জন ও ২৬ হাজার ৭৮২ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। মহানগর এলাকার ৬৮২ ও উপজেলা পর্যায়ের ৫২৭ জনসহ মোট এক হাজার ২০৯ জন মারা গেছেন।