চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ৮, শনাক্ত ১৫.১১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আট জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে এক হাজার ৯৭২টি নমুনা পরীক্ষা করে ২৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫৩ জনের বাড়ি মহানগর এলাকায় ও ১৪৫ জন ভিন্ন উপজেলার বাসিন্দা।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ১১ শতাংশ। আজ রোববার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে চার জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়ার তিন জন, বাঁশখালী উপজেলার একজন, আনোয়ারার আট জন, পটিয়ার দুই জন, বোয়ালখালীর ২২ জন, রাঙ্গুনিয়ার ৩০ জন, রাউজানের ২৩, ফটিকছড়ির ১৪ জন, হাটহাজারীর ২৬ জন, সীতাকুণ্ডের চার জন, মীরসরাইয়ের পাঁচ জন ও তিন জন সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৭ হাজার ১৩৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৭১ হাজার চার জন ও ২৬ হাজার ১২৯ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। মহানগর এলাকার ৬৬৭ ও উপজেলা পর্যায়ের ৫১১ জনসহ মোট এক হাজার ১৭৮ জন মারা গেছেন।